বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের একটি কারিগরি দল আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে।
![]() |
| জাতিসংঘ | ছবিঃ সংগৃহীত |
এ দলটি এক সপ্তাহব্যাপী সফরে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। জাতিসংঘের এই পদক্ষেপটি বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দলটি বাংলাদেশের বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবে। তাদের প্রাথমিক উদ্দেশ্য হবে, কীভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করবে, কী ধরনের সহযোগিতা প্রয়োজন হবে তা নির্ধারণ করা। বিশেষ করে দলটি সরকারের সহযোগিতার পরিধি এবং তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে গুরুত্ব দেবে। জাতিসংঘের দলটির এই কার্যক্রম বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আলোচনা শেষে এই মিশনটি গঠন করা হয়। জেনেভা থেকে ঢাকায় আসা এই বিশেষজ্ঞরা তদন্তের প্রাথমিক কাজের পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলবেন।
এদিকে, জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয়’ ও ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগের গুরুতর অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পশ্চিমা দেশগুলোও জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিষয়টি আলোচনায় তোলার চেষ্টা করছে। এই মিশন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত করতে পারে।
তদন্তের প্রক্রিয়া এবং এর ফলাফল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এই তদন্ত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ চিত্র তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

0 Comments